দীর্ঘ বিরতির পর নতুন চলচ্চিত্র নিয়ে ফিরছেন নির্মাতা তানিম রহমান অংশু। ‘লিম্বো’ শিরোনামের এই সিনেমার চিত্রনাট্য লিখছেন বলিউডের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’-এর গল্পকার বিপ্লব গোস্বামী। বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ প্রায় সাত বছর পর বড় পর্দায় ফিরছেন অংশু। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ন ডরাই’-এর পর তিনি নতুন কোনো সিনেমা নির্মাণ করেননি। দীর্ঘ এই বিরতি প্রসঙ্গে নির্মাতা জানান, তিনি এমন একটি চ্যালেঞ্জিং প্রজেক্টের অপেক্ষায় ছিলেন যা নতুন জনরার হবে। ‘লিম্বো’ বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অংশু বলেন, ‘লাপাতা লেডিস’-এর মাধ্যমে বিপ্লব গোস্বামী সাধারণ গল্পকে অসাধারণভাবে উপস্থাপনের যে দক্ষতা দেখিয়েছেন, তা ‘লিম্বো’-তেও প্রতিফলিত হবে। প্রায় এক বছর আগে বিপ্লবের সঙ্গে পরিচয় এবং আলোচনার পর এই প্রজেক্টে তাকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিনেমাটিতে তাসকিন রহমানেরও দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার কথা রয়েছে।
প্রথমবার বাংলাদেশের কোনো সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করতে পেরে উচ্ছ্বসিত বিপ্লব গোস্বামী। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে সায়েন্স ফিকশন নির্মাণের এই ভাবনাটি প্রশংসনীয়। ‘লাপাতা লেডিস’-এর পর বাংলাদেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে এই দেশের কোনো প্রজেক্টে কাজ করার আগ্রহ ছিল। ‘লিম্বো’-র মতো সুন্দর একটি প্রজেক্ট দিয়ে সেই সুযোগ তৈরি হওয়ায় আমি আনন্দিত।’
বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং একই সঙ্গে চলছে শিল্পী নির্বাচনের প্রক্রিয়া। নির্মাতা তানিম রহমান অংশু আশাবাদী যে, বাংলাদেশে স্পেস ড্রামা নির্মাণের চ্যালেঞ্জটি তারা সফলভাবে সম্পন্ন করতে পারবেন।