বলিউড

পরিচালকের অনুরোধে ‘রেঞ্জার’ সিনেমার ক্লাইমেক্স দৃশ্যের পরিচালনায় অজয় দেবগন

পরিচালকের অনুরোধে নিজেই পরিচালকের আসনে অজয়
অজয় দেবগন। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে নতুন করে চিত্রায়িত হচ্ছে ‘রেঞ্জার’ সিনেমার ক্লাইমেক্স

অভিনয়ের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন অজয় দেবগন। এবার ‘রেঞ্জার’ সিনেমার ক্লাইমেক্স দৃশ্যটিকে আরও জাঁকজমকপূর্ণ ও বড় ক্যানভাসে ফুটিয়ে তোলার লক্ষ্যে পরিচালক জগন শক্তির অনুরোধে নিজেই পরিচালকের আসনে বসলেন এই তারকা। গত সপ্তাহ থেকে মুম্বাইয়ের ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে এই দৃশ্যের রিশুট শুরু হয়েছে, যেখানে অ্যাকশন ডিরেক্টর কেভিন কুমারের সঙ্গে যৌথভাবে নির্দেশনা দিচ্ছেন অজয়।

মূলত পরিচালক জগন শক্তি পূর্বনির্ধারিত অ্যাকশন দৃশ্যটি ধারণ করার পর অনুভব করেন যে, এটিকে আরও আকর্ষণীয় করে তোলা প্রয়োজন। সেই ভাবনা থেকেই তিনি অজয় দেবগনকে নতুন করে দৃশ্যটি পরিচালনার দায়িত্ব দেন। বন্য প্রাণী সংরক্ষণ ও বাঘ রক্ষার লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অজয় একজন ফরেস্ট অফিসারের চরিত্রে অভিনয় করছেন, যিনি চোরা শিকারিদের হাত থেকে বাঘ রক্ষায় বদ্ধপরিকর। অন্যদিকে, সঞ্জয় দত্তকে দেখা যাবে নৃশংস এক শিকারি চক্রের প্রধানের ভূমিকায়। নতুন করে চিত্রায়িত ক্লাইমেক্স দৃশ্যে অজয় ও তাঁর দলের সঙ্গে সঞ্জয় দত্তের বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ ফুটে উঠবে।

উল্লেখ্য, অজয় দেবগন এর আগেও পরিচালনার দায়িত্ব পালন করেছেন। তিনি ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’ ও ‘ভোলা’—এই চারটি সিনেমা পরিচালনা করেছেন। এছাড়া কাজল অভিনীত ‘মা’ সিনেমার শুটিংয়ের সময়ও গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন দৃশ্য নতুন করে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।