সিনেপ্লেক্সে হলিউডের দুই নতুন সিনেমা
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হলিউডের দুটি নতুন সিনেমা। এর মধ্যে রয়েছে হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ এবং অ্যানিমেশন সিনেমা ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’। গত ২১ আগস্ট আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে সিনেমাগুলো প্রদর্শিত হচ্ছে।
ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার
জনপ্রিয় ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ পরিচালনা করেছেন জ্যাকব চেজ। অতিপ্রাকৃত ঘরানার এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে জেমা নামের এক তরুণী মাকে কেন্দ্র করে, যে তার মেয়েকে নিয়ে নিজের শৈশবের বাড়িতে ফিরে আসে। সেখানে সে আবিষ্কার করে যে, তার ভেতরে ‘দ্য ফারদার’ নামক এক অদৃশ্য রাজ্যে ভ্রমণের অস্বাভাবিক ক্ষমতা রয়েছে, যেখানে মৃত ব্যক্তিদের আত্মা অবস্থান করে। সিনেমাটিতে জেমা চরিত্রে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন ব্র্যান্ডন পেরিয়া ও মেইজি রিচার্ডসন-সেলার্স।
পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি
অন্যদিকে, ২০২৩ সালের ‘পাও প্যাট্রল: দ্য মাইটি মুভি’র সিকুয়েল হিসেবে মুক্তি পেয়েছে ক্যাল ব্রুঙ্কার পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’। সিনেমার গল্পে দেখা যায়, প্রবল ঝড়ে পথ হারিয়ে পাও প্যাট্রল টিম ডাইনোসরদের আবাসস্থল এক অচেনা দ্বীপে পৌঁছায়। সেখানে ডাইনোসর বিশেষজ্ঞ কুকুরছানা রেক্সের সঙ্গে তাদের পরিচয় হয়। খলনায়ক মেয়র হামডিঙ্গার রত্ন খোঁজার লোভে দ্বীপে বিস্ফোরণ ঘটালে আগ্নেয়গিরি জেগে ওঠে। ডাইনোসরদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পাও প্যাট্রল টিমের রোমাঞ্চকর অভিযানই এই সিনেমার মূল উপজীব্য। সিনেমাটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়াং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন ও ফরচুন ফেইমস্টার।