টেক্সটাইল খাতে গবেষণা ও উদ্ভাবনে আইটিইটি-টিআইইর সমঝোতা
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতে গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) এবং টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গত ২০শে আগস্ট রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন এবং টিআইই স্টিয়ারিং বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ‘আইটিইটি-টিআইই উদ্ভাবন ও গবেষণা সেল’ গঠন করা হয়েছে, যা শিল্প, গবেষণা প্রতিষ্ঠান ও পেশাজীবীদের মধ্যে সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর ঢাকায় ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’ আয়োজনসহ আন্তর্জাতিক গবেষণা সম্মেলন, বিশেষায়িত প্রশিক্ষণ, মাস্টারক্লাস এবং গবেষণা সাময়িকী প্রকাশের পরিকল্পনা রয়েছে। আইটিইটির ১৫তম কাউন্সিল কমিটি থেকে চারজন প্রতিনিধি এই সেলের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ স্থানীয় উদ্ভাবনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবং শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বরিশালে ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স কম্পিটিশন
এদিকে, দেশের টেক্সটাইল শিক্ষার্থীদের অংশগ্রহণে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স কম্পিটিশন’। শনিবার বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটরিয়ামে সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাব বিটেক-এর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
প্রতিযোগিতার তিনটি ইভেন্ট—আর্টকাল রাইটিং, ইনোভেশন ভিডিও এবং কুইজ সিগমেন্ট—সবকটিতেই বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আর্টকাল রাইটিংয়ে সাইফুল আলম রাব্বি এবং ইনোভেশন ইভেন্টে মো. আমান উল্লাহ চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া কুইজ সিগমেন্টে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচজন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। অনুষ্ঠানে মিথিলা গ্রুপের মার্কেটিং ডিরেক্টর এম এস জামানসহ টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।