তিস্তা নদীতে মাদকবিরোধী অভিযান
লালমনিরহাটের তিস্তা নদীপথে মাদক পাচারের সময় একটি বড় আকারের নৌকা জব্দ করেছে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাকচর সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নৌকা থেকে ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক কারবারিরা প্রায় ৪০ ফুট লম্বা একটি শ্যালো মেশিনচালিত নৌকায় করে লালমনিরহাটের মরিচখোঁচা এলাকা থেকে রংপুর শহরের দিকে মাদকের চালানটি নিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা নদীতে লাফিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
নৌকাটি আকারে অনেক বড় হওয়ায় নদীপথে থানায় নেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নৌকার পেছনে একটি ট্রলি দড়ি দিয়ে বেঁধে সড়কপথে টেনে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে সড়কের দুই পাশে উৎসুক জনতার ভিড় জমে যায়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।