রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত। আজ সোমবার দুপুরে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে  
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত। আজ সোমবার দুপুরে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে
ছবি: এনসিপির সৌজন্যে

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। সোমবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য নাভিদ নওরোজ শাহ।

এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে ছিল সংসদে এনসিপির ভূমিকা, আঞ্চলিক পরিস্থিতি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি। এছাড়া অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেছে। বৈঠকে ইইউ, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুলাই এনসিপির কার্যালয়ে এসে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেই বৈঠকে সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছিল।