ঢাকা: সংবিধানে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা বহাল রাখা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, যদি আগের মতোই প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা বহাল থাকে এবং রাষ্ট্রপতির ভূমিকা কেবল প্রজ্ঞাপন জারিতে সীমাবদ্ধ থাকে, তবে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে এত রক্তের বিনিময়ে বিপ্লবের প্রয়োজনীয়তা কী ছিল? সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এই সেমিনারের আয়োজন করে।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি জুলাই বিপ্লবের স্মৃতি ভুলে গিয়ে গণভোটের রায়কে অস্বীকার করছে। তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবে প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন না এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা একটি কমিটির হাতে থাকার কথা থাকলেও বিএনপি তাতে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়েছে। তারা সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই রাখতে চায় বলে তিনি দাবি করেন। এছাড়া জুলাই সনদ অনুযায়ী ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বাধ্যবাধকতা রয়েছে, যা সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। তিনি আগামী সংসদ অধিবেশনে এ বিষয়ে আলোচনার আহ্বান জানান।
সেমিনারে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বর্তমান সরকারের বিরুদ্ধে ‘সংস্কার-আতঙ্কে’ ভোগার অভিযোগ তোলেন। তিনি বলেন, সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের কথা বলে জাতির সঙ্গে প্রতারণা করছে।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে চিকিৎসকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে যখন অনেকে চাওয়া-পাওয়ার হিসাব নিয়ে ব্যস্ত ছিলেন, তখন চিকিৎসকরা আহত শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত ছিলেন। তবে শহীদ ডা. সজীব সরকারের বোন সুমাইয়া সরকার আক্ষেপ করে বলেন, সরকার পতনের দুই বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারগুলো এখনো বিচারের অপেক্ষায় রয়েছে।
এছাড়া সেমিনারে চিকিৎসক অধ্যাপক মোস্তাফিজুর রহমান অভ্যুত্থানপন্থী চিকিৎসকদের বেছে বেছে বদলি করার অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান। অনুষ্ঠানে এনডিএফের সভাপতি এমজি ফারুক হোসেন, বিভিন্ন আসনের সংসদ সদস্য, চিকিৎসক নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সেমিনারে জুলাই গণ-অভ্যুত্থানে চিকিৎসকদের অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।