ফুটবল

নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলেট ও রংপুর অঞ্চল

নতুন কুড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর
নতুন কুঁড়ি ফুটবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট ও রংপুর অঞ্চল। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ছেলেদের বিভাগে ময়মনসিংহকে হারিয়ে সিলেট এবং মেয়েদের বিভাগে রাজশাহীকে পরাজিত করে শিরোপা জয় করেছে রংপুর।

ছেলেদের ফাইনালে সিলেট ও ময়মনসিংহের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে সিলেট মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ম্যাচের শেষ মুহূর্তে আরমান খান জিসানের দূরপাল্লার একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট অঞ্চল। এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটে সিলেট গোল করার সুযোগ পেলেও ময়মনসিংহের গোলরক্ষক তা রুখে দেন।

অন্যদিকে, মেয়েদের ফাইনালে রাজশাহী অঞ্চলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রংপুর। ম্যাচের অষ্টম মিনিটে স্মৃতি কিসকোর গোলে এগিয়ে যায় রংপুর। এরপর ১০ মিনিটে কর্নার থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন কিসকো। বিরতির আগেই তন্বীর গোলে ব্যবধান ৩-০ হয়। ম্যাচের ৫২ মিনিটে সুমাইয়া চতুর্থ গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় রংপুরের।