বিশ্বকাপে শিরোপা হাতছাড়ার হতাশা ও নিজের অনুভূতি নিয়ে খোলা চিঠি লিখেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
২০২৬ ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (গোল্ডেন বুট) জিতলেও চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ ঝরেছে এমবাপ্পের কণ্ঠে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত এই খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, যা ভীষণ কষ্টদায়ক। ট্রফিটা জিততে পারলে আরও ভালো লাগত। গল্পের শেষ সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
২০২৬ বিশ্বকাপে ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট করা এমবাপ্পে এই সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিয়েছেন সতীর্থদের সঙ্গে। তিনি উল্লেখ করেন, দলের ঐক্য, পরিশ্রম এবং সতীর্থদের পাস ও দৌড় ছাড়া এই ব্যক্তিগত অর্জন সম্ভব ছিল না। বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘ছোটবেলায় অন্তত একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতাম। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি, যার মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়েছি এবং এবার অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছি। এই স্মৃতি আমি কখনোই ভুলব না।’
ফরাসি কোচ দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তি নিয়েও কথা বলেছেন এমবাপ্পে। কোচ ও তাঁর পুরো স্টাফ, ফিজিওথেরাপিস্ট, প্রশিক্ষকসহ নেপথ্যের সকল কর্মীকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে স্পেন ও ইংল্যান্ডের কাছে হারের ফলে ফ্রান্সের টানা তৃতীয়বার ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয় এবং কোচ হিসেবে দেশমের দীর্ঘ পথচলার ইতি ঘটে।
উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২২ গোল নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা লিওনেল মেসি ২১ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তবে মেসি বিশ্বকাপে ১২টি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন।