প্যারিসে প্রকাশ্যে ছুরি হামলা, আটক ১
ফ্রান্সের রাজধানী প্যারিসের পোর্ত দ্য ক্লিশি এলাকায় প্রকাশ্যে ছুরি হামলায় তিন নারী আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সংঘটিত এই ঘটনার পর হামলাকারীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি অসংলগ্ন আচরণ করেন এবং দাবি করেন, ‘আল্লাহ আমাকে এই কাজের নির্দেশ দিয়েছেন।’
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, ১৯, ২৪ ও ৩৬ বছর বয়সী তিন নারীকে দুটি রান্নাঘরের ছুরি দিয়ে আক্রমণ করা হয়। হামলায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ঘটনার সময় দায়িত্বে না থাকা এক পুলিশ কর্মকর্তা সাহসিকতার পরিচয় দিয়ে হামলাকারীকে নিরস্ত্র করেন, যার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লম্বা কালো চুল ও হালকা রঙের ট্র্যাকস্যুট পরা এক ব্যক্তি দুই হাতে দুটি বড় ছুরি নিয়ে আক্রমণ চালাচ্ছেন। পরবর্তী অংশে পথচারীদের সহায়তায় তাকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণে আনতে দেখা যায়। এ সময় তার পাশেই দুটি ছুরি পড়ে থাকতে দেখা গেছে।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং আটক ব্যক্তির পরিচয়ও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ঘটনাটির তদন্তে সন্ত্রাসবাদ-সংক্রান্ত কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।