পশ্চিম সাহারায় মহাসড়কের নামকরণের দাবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলে নির্মিত ১,০৫৫ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়কের নামকরণ তাঁর নামে করা হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তাঁকে এই সম্মান প্রদান করেছেন। তবে মরক্কো সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নামকরণের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি এবং দেশটির সরকারের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প জানান, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প হাইওয়ে’ নামে পরিচিত এই মহাসড়কটি আফ্রিকার অন্যতম দীর্ঘ সড়ক। প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই সড়কটি আটলান্টিক উপকূলের প্রায় ৭ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি পশ্চিম আফ্রিকাকে মরক্কোর মাধ্যমে ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলের সঙ্গে সংযুক্ত করবে। ট্রাম্প এই সম্মানের জন্য মরক্কোর রাজাকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে সড়কটি ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালে স্পেনের উপনিবেশ প্রত্যাহারের পর থেকে পশ্চিম সাহারা অঞ্চলটি মরক্কো এবং আলজেরিয়া-সমর্থিত স্বাধীনতাকামী পলিসারিও ফ্রন্টের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে। বর্তমানে অঞ্চলটির অধিকাংশ এলাকা মরক্কোর নিয়ন্ত্রণে রয়েছে।
২০২০ সালে ট্রাম্প প্রশাসন পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়, যার বিনিময়ে মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। ট্রাম্পের প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে যে, রাজা ষষ্ঠ মোহাম্মদ ও ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে ওই অঞ্চল শান্তি ও সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করেছে। তবে পশ্চিম সাহারার চূড়ান্ত রাজনৈতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।