ঢাকা

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফাইল ছবি

বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক পুলিশ সুপার (এসপি) ও বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত মোহাম্মদ জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুনতাসির আহমেদ এই আদেশ দেন। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আজমত হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালে মাগুরার এসপি হিসেবে দায়িত্ব পালনকালে আসামির সঙ্গে বাদীর পরিচয় হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে এবং সাবেক স্ত্রীকে তালাক দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে আসামি মাগুরার সরকারি বাংলো, অফিস রেস্টরুম এবং ঢাকায় বাদীর বাসায় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি ঢাকার একটি হাসপাতালে বাদী অসুস্থ হয়ে ভর্তি হলে আসামি নিজেকে তার স্বামী পরিচয় দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামি ঢাকা পুলিশ সদর দপ্তরে বদলি হওয়ার পরও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন। তবে ২০২৫ সালের ১৩ জুলাই বাদী বিয়ের জন্য চাপ দিলে আসামি তা সরাসরি প্রত্যাখ্যান করেন এবং আইনগত পদক্ষেপ নিলে ক্ষতির হুমকি দেন। এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ১৫ জুলাই ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পুলিশ সদর দপ্তরে আইজিপির কাছে লিখিত অভিযোগ জানানো হয়।

পরবর্তীতে গত ২০ মে ভুক্তভোগী নারী আদালতে মামলাটি দায়ের করলে ট্রাইব্যুনাল ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক গত ১৪ জুলাই আদালতে প্রতিবেদন জমা দেন, যেখানে আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।