জনস্বার্থে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাঁদের এই অবসর প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী, অবসরে যাওয়া এসব কর্মকর্তা অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন।
বিতর্কিত নির্বাচনের সঙ্গে সম্পৃক্ততা
অবসরে পাঠানো কর্মকর্তাদের প্রায় সবাই ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তাঁরা বিগত সরকারের আমলে জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে সম্প্রতি দুই দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকেও একই প্রক্রিয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
অবসরে যাওয়া কর্মকর্তাদের তালিকা
বাধ্যতামূলক অবসরে পাঠানো ৩২ জন যুগ্ম সচিব হলেন— মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, অঞ্জন চন্দ্র পাল, এ কে এম মামুনুর রশিদ, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আহাদ, মো. জসিম উদ্দিন, সরোজ কুমার নাথ, মো. শহিদুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, এস এম অজিউর রহমান, মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, মতিউল ইসলাম চৌধুরী, নাজিয়া শিরিন, সুলতানা পারভীন, আনার কলি মাহবুব, মোহাম্মদ হেলাল হোসেন, সৈয়দা ফারহানা কাইনাইন, সারওয়ার মুর্শেদ চৌধুরী, মাহমুদুল কবীর মুরাদ, আলী আকবর, এস এম আব্দুল কাদের, এস এম ফেরদৌস ও গোপাল চন্দ্র দাশ।
সরকারি চাকরি আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে যেকোনো সময় তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ক্ষমতা রাখে। সেই আইনি ক্ষমতাবলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।