খুলনা

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ তিন সহযোগী গ্রেপ্তার

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ ৩ সহযোগী গ্রেপ্তার
গ্রেপ্তার ‘গ্রেনেড বাবুর’ তিন সহযোগী। ছবি: আজকের পত্রিকা

খুলনায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবুর (গ্রেনেড বাবু) তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর ৩ নম্বর কাশেম সড়কের বাসিন্দা শেখ আসাদুজ্জামান মিথুন (২৮), বসুপাড়া এতিমখানা মোড়ের বাসিন্দা টিপু হাওলাদার (২৯) এবং খালিশপুর থানা পলিটেকনিক কলেজ মোড়ের বাসিন্দা এনামুল হক ইমন (২০)।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ আসাদুজ্জামান মিথুন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর একান্ত সহযোগী। তাঁকে নগরীর রূপসা ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মিথুনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরের পর গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।