ঢাকা: জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আগামী ১৩ আগস্ট শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন।
রবিবার আদালতে মামলার শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়ই সময় চেয়ে আবেদন জানায়। রাষ্ট্রপক্ষের আবেদনে উল্লেখ করা হয়, কারাগারে থাকা আসামি ফুরকান হোসেনকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আদালত উভয় আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। মামলার ৩৪ আসামির মধ্যে চারজন বর্তমানে কারাগারে রয়েছেন, আটজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।
শুনানি চলাকালে আদালতে উপস্থিত থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক নিজের শারীরিক অবস্থা ও আইনি সহায়তার বিষয়ে কথা বলেন। তিনি জানান, ঘাড়ের আঘাতের কারণে চিকিৎসকের পরামর্শে তিনি হেলমেট পরতে পারছেন না। এছাড়া তিনি অভিযোগ করেন যে, ৯৮টি মামলায় তাকে ৯৯ দিন রিমান্ডে রাখা হয়েছে। পলক তার আইনজীবীদের সঙ্গে প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন এবং প্রতিদিন তিন ঘণ্টা করে বিশেষভাবে কথা বলার (প্রিভিলেজড কমিউনিকেশন) সুযোগ চেয়ে আবেদন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিতে মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় তার মা রীনা বেগম ৩১ আগস্ট মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিদের মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতারা রয়েছেন।