আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম নির্ধারণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের অন্য সদস্যরা। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত শুক্রবার মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসি সূত্রে জানা গেছে, গত রোববার সিইসির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের আইন পর্যালোচনা করা হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই স্পিকারের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনার আয়োজন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট প্রদান করেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা বা সংসদ সদস্যদের নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। এরপর সেই তালিকার ভিত্তিতে ইসি ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
আগামীকালের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা এবং এর আনুষঙ্গিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন।