রাজনীতি

গ্যাস সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা ও সিন্ডিকেট দায়ী: জামায়াতে ইসলামী

গ্যাস সংকটের জন্য অনিয়ম-সিন্ডিকেট অনেকাংশে দায়ী: জামায়াত

দেশের চলমান গ্যাস সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেটকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের নাগরিকরা বর্তমানে নিত্যপ্রয়োজনীয় এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন, যার ফলে বাসাবাড়িতে রান্নাবান্না, সিএনজিচালিত যানবাহন চলাচল এবং কলকারখানার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

বিবৃতিতে জুবায়ের উল্লেখ করেন, রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারির কারণে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। তিনি অভিযোগ করেন যে, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণের চেয়ে অসাধু চক্রকে সুবিধা দিতে বেশি ব্যস্ত, যার ফলে এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

জামায়াত নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো মহল কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশবাসী মনে করে অবৈধ গ্যাস সংযোগ এবং সরকারি অব্যবস্থাপনা এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী।

চলমান এই সংকট নিরসনে এহসানুল মাহবুব জুবায়ের নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন, বিদ্যমান কূপ থেকে গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করার আহ্বান জানান। নাগরিকদের দুর্ভোগ লাঘবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন।