বাংলাদেশ

সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য ৩ কর্মকর্তা পুলিশ হেফাজতে

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশ হেফাজতে
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অডিট কমিটির তিন সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা আব্দুস সালাম স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিমগাছীতে ভাড়া বাসায় বসবাস করতেন।

সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলছিল। এ সময় ব্যবস্থাপক আব্দুস সালামকে তীব্র মানসিক দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত দেখা যাচ্ছিল। ব্যাংকের কর্মী শফিকুল ইসলামের ভাষ্যমতে, অডিট চলাকালে আব্দুস সালাম তাকে জানিয়েছিলেন যে, তাকে ‘বাঁচতে দেওয়া হচ্ছে না’। এরপরই তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানান।

ঘটনার পর ব্যাংকের কর্মী ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা অডিট কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অডিটের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।