ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জাগপা নেতার
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে নতুন করে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বা দিল্লির তোষণকারী হিসেবে কাজ করলে তাদের পরিণতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই হবে। বুধবার (৭ অক্টোবর) সকালে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘শহীদ আবরার ফাহাদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ টেনে রাশেদ প্রধান বলেন, ২০১৯ সালের এই দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধেই তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের হাতে আবরার নির্মমভাবে নিহত হন। তিনি আরও বলেন, ঘাতকরা ভেবেছিল একটি কণ্ঠ রোধ করলেই দেশের মানুষকে চুপ করানো যাবে, কিন্তু আবরারের রক্ত থেকেই হাজারো আবরারের জন্ম হয়েছে, যার চূড়ান্ত পরিণতিতে ফ্যাসিবাদের পতন ঘটেছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাগপা মুখপাত্র বলেন, শেখ হাসিনা ও তার বাহিনী পালিয়ে গেলেও আধিপত্যবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। যারা ক্ষমতার লোভে পুরোনো বন্দোবস্ত বহাল রাখতে চায় এবং দিল্লির সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় থাকে, তাদের দেশের মুক্তিকামী জনতা চিনে ফেলেছে। তিনি স্পষ্ট করেন যে, বাংলার মাটিতে যারা আধিপত্যবাদের গোলামি করবে, জনতার আদালতে তাদের বিচার ফ্যাসিবাদের দোসরদের মতোই হবে।
যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।