দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় শাহরুখ-কারিনা
দীর্ঘ ১৫ বছরের বিরতি কাটিয়ে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বলিউড তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর। সর্বশেষ ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি। এবার শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে তাঁদের একসঙ্গে দেখা যাবে। শচীন-জিগারের সুর করা গানটির সম্ভাব্য শিরোনাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন গানটির শুটিং হওয়ার কথা রয়েছে।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, গানটি অত্যন্ত বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে। এতে ভারতীয় শিল্পীর পাশাপাশি আন্তর্জাতিক কোনো সংগীত তারকাও কণ্ঠ দেবেন। গানটিতে শাহরুখ ও কারিনাকে একেবারেই নতুন লুকে উপস্থাপন করা হবে। নির্মাতাদের প্রত্যাশা, এটি এ বছরের অন্যতম সেরা গান এবং সিনেমাটির অন্যতম বড় চমক হিসেবে বিবেচিত হবে। এর আগে ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘রা.ওয়ান’, ‘ডন’ ও ‘বিল্লু’র মতো সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের নজর কেড়েছিল।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ৩৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি মূলত শাহরুখকেন্দ্রিক। তবে এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ শাহরুখকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক। সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন (খলনায়ক চরিত্রে), অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।