বিনোদন

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার

স্টার সিনেপ্লেক্সে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

২২ বছর পূর্তিতে দর্শকদের জন্য বিশেষ উপহার

পথচলার ২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। আগামী ৮ অক্টোবর প্রতিষ্ঠানটির যেকোনো শাখায় কাউন্টার থেকে একটি টিকিট কিনলে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে। শুধুমাত্র ওই একদিনের জন্যই এই ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারটি কার্যকর থাকবে।

টিকিট অফারের পাশাপাশি দর্শকদের জন্য বিনামূল্যে মুভি ভাউচার জেতার সুযোগও রেখেছে কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর স্মৃতি প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে শেয়ার করে এই ভাউচার জেতা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে।

২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করা স্টার সিনেপ্লেক্স বর্তমানে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর, সনি স্কয়ার, সেন্টার পয়েন্ট এবং সীমান্ত টাওয়ারে শাখা রয়েছে। এছাড়া বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দীর্ঘ এই পথচলায় দর্শকদের ভালোবাসাকেই মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দর্শকদের ভালোবাসা ছাড়া এই পথচলা সার্থক হতো না। আমরা চাই আমাদের দেশে নিয়মিত ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শকরা নিয়মিত সিনেমা হলে এসে ভিড় করুক।’