সৌদি আরবের দুই বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৩৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ৬ ও ৭ অক্টোবর দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আবহার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়। তবে কোন দিন কোন বিমানবন্দরে হামলা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতি অনুযায়ী, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন, যাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এই ঘটনায় সেখানে আরও ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সৌদি আরব, বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ হতাহতদের জাতীয়তা ও পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য প্রদান করেছে। তবে হামলায় ব্যবহৃত অস্ত্র বা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।