কলকাতায় বিপত্তির মুখে অভিনেত্রী সম্পিতা প্রামাণিক
কলকাতার হাজরা মোড়ে র্যাপিডো ক্যাব থেকে নামতে গিয়ে এক বিপজ্জনক পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি জানান, গন্তব্য ও ভাড়া নিয়ে বচসার জেরে চালক হঠাৎ গাড়ি চালিয়ে দিলে তিনি ভারসাম্য হারিয়ে কিছুটা পথ টেনে হিঁচড়ে যান। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।
ঘটনার বিবরণে অভিনেত্রী জানান, তিনি হাজরা মোড়ের বসুশ্রী সিনেমা হলের সামনে থেকে পার্ক স্ট্রিট যাওয়ার জন্য র্যাপিডো ক্যাব বুক করেছিলেন। পরে অ্যাপের মাধ্যমে গন্তব্য পরিবর্তন করে দমদম করা হয়। তবে গাড়িতে ওঠার পর চালকের আচরণে অস্বস্তি বোধ করায় তিনি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামানোর অনুরোধ করেন।
সম্পিতার অভিযোগ, রবীন্দ্র সরোবরের কাছে গাড়ি থামানোর পর ভাড়া নিয়ে চালকের সঙ্গে তার বাদানুবাদ শুরু হয়। তিনি যতটুকু পথ এসেছেন ততটুকুর ভাড়া দিতে চাইলেও চালক অ্যাপে দেখানো পুরো ভাড়ার দাবিতে অনড় থাকেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারী ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার সময় চালক হঠাৎ গাড়ি চালিয়ে দেন। এতে তিনি গাড়ির সঙ্গে কিছুটা পথ হেঁচড়ে যান।
অভিনেত্রী জানান, ভারী ব্যাগ হাতে থাকায় এবং রাস্তায় পড়ে যাওয়ার উপক্রম হওয়ায় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এই ঘটনার পর তিনি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক।