বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির আজীবন সম্মাননায় ভূষিত হলেন অভিনেত্রী নূতন

আজীবন সম্মাননায় সিক্ত অভিনেত্রী নূতন

বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নূতন। গত সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা এবং জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নূতন বলেন, ‘এই সম্মাননায় আমি ভীষণ পুলকিত। বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি।’ অনুষ্ঠানে সুজাতার হাত থেকে সম্মাননা গ্রহণ করাকে নিজের জন্য বিশেষ সম্মানের উল্লেখ করে তিনি মঞ্চেই এই জ্যেষ্ঠ অভিনেত্রীর পা ছুঁয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া অনুষ্ঠানে পূর্ণিমার উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া।

উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফ খান (কালু) দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।