দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়েছিল। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের স্তর শনাক্ত করা হয়েছে।
বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম চলছে। এ বিষয়ে প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক জানান, আগামী দুই থেকে তিন দিন এই পরীক্ষা চলবে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কূপটিতে গ্যাসের মোট মজুত এবং উত্তোলনযোগ্য গ্যাসের সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।