জেলা

ভুল স্টেশনে নেমে নাটোর রেলস্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা খোয়ালেন জার্মান পর্যটক

অভিযোগ জানাতে নাটোর সদর থানায় জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বুধবার রাতে
অভিযোগ জানাতে নাটোর সদর থানায় জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বুধবার রাতে
ছবি: সংগৃহীত

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

নাটোর রেলস্টেশনের বিশ্রামাগারে এক জার্মান পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পর্যটকের নাম ক্রিল ল্যান্ডার। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ক্রিল ল্যান্ডার। নাটোর সদর থানায়
ক্রিল ল্যান্ডার। নাটোর সদর থানায়
ছবি : সংগৃহীত

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে ট্রেনে করে দর্শনা রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ক্রিল ল্যান্ডার। তবে ভুলবশত তিনি নাটোর রেলস্টেশনে নেমে পড়েন। পরবর্তী ট্রেনের অপেক্ষায় তিনি স্টেশনের প্রথম শ্রেণীর বিশ্রামাগারে অবস্থান করছিলেন। সেখানে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পর্যটকের ধারণা, ওই যুবক কৌশলে তাঁর ব্যাগটি নিয়ে পালিয়ে গেছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় ভুক্তভোগীকে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, বুধবার রাত আটটার দিকে ক্রিল ল্যান্ডার নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁকে রাজশাহীতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকের ইলেকট্রনিক ডিভাইসগুলোর অবস্থান শনাক্ত করা গেলে মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।