মস্কো-তেহরান কৌশলগত সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির মুখে ইরানের প্রদর্শিত সাহসের ভূয়সী প্রশংসা করেছেন। বুধবার (৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আলোচনায় দুই নেতা তেহরান ও মস্কোর মধ্যকার কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেছেন।
ইরানের প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কথোপকথনের সময় দুই নেতা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি’র আওতায় দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করেন যে, বর্তমান আঞ্চলিক অস্থিরতা ও ঘটনাপ্রবাহের মধ্যেও রাশিয়া ও ইরানের মধ্যকার সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে বজায় রয়েছে। এ সময় তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক মধ্যস্থতার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, তাতে রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। ইরানের প্রতি আশ্বস্ত করে পুতিন বলেন, মস্কো যেকোনো পরিস্থিতিতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।