ঐতিহ্যবাহী রিকশাচিত্রের সুরক্ষায় নতুন উদ্যোগ
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেস্কো এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার ঢাকায় ইউনেস্কোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। ইউনেস্কোর পক্ষে বাংলাদেশে নিযুক্ত অফিস প্রধান ড. সুজান ভাইজ এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের পক্ষে প্রধান কৌশলগত পরিকল্পনাবিদ সুমন পাটওয়ারী চুক্তিতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য যে, ২০২৩ সালে ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেস্কোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় স্থান পায়। এই স্বীকৃতির ধারাবাহিকতায় শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং রিকশাচিত্রের সাংস্কৃতিক তাৎপর্য সুরক্ষায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
এই অংশীদারত্বের আওতায় ‘রিকশা পেইন্টিং: এক্সপ্যান্ডিং দ্য ক্যানভাস’ শীর্ষক একটি সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো রিকশাচিত্রের সঙ্গে যুক্ত শিল্পীদের দক্ষতা উন্নয়ন, বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণ এবং বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে শিল্পীদের সংযোগ স্থাপন করা। এছাড়া প্রদর্শনী ও প্রচারণার মাধ্যমে এই শিল্পধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ রিকশাচিত্রকে একটি ‘জীবন্ত ঐতিহ্য’ হিসেবে অভিহিত করে বলেন, শিল্পীদের জীবন ও জীবিকায় সহায়তা করাই এই অংশীদারত্বের মূল উদ্দেশ্য। উইন্ডমিল অ্যাডভার্টাইজিংয়ের সুমন পাটওয়ারী জানান, সৃজনশীল যোগাযোগ ও ডিজিটাল প্রচারের মাধ্যমে রিকশাচিত্রকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে ইউনেস্কো ঢাকার সংস্কৃতি প্রধান কিযী তাহনিন, প্রোগ্রাম সহকারী বিপাশা ত্রিপুরা এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের অপারেশন ও ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার মতিউর রহমান রাব্বিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।