ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় মিঠুন চক্রবর্তী
পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রাজ্য সচিবালয় নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই পদে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান পদমর্যাদা ভোগ করবেন। বাংলার সাংস্কৃতিক ও চলচ্চিত্র ক্ষেত্রে নিজেদের মনোযোগ আরও জোরদার করার লক্ষ্যেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়োগের ঘোষণা দেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার চলচ্চিত্র-ঐতিহ্যকে তুলে ধরা এবং রাজ্যের হারানো সাংস্কৃতিক গৌরব পুনরুদ্ধারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই মিঠুন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমানে একটি শুটিংয়ের কাজে আলিপুরদুয়ারে অবস্থানরত মিঠুন চক্রবর্তী এই নতুন দায়িত্ব প্রদানের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ এবং বিজেপির একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।