খেলা

২০৩০ সাল পর্যন্ত আর্সেনালের কোচ থাকছেন মিকেল আর্তেতা

দীর্ঘমেয়াদী চুক্তিতে আর্সেনালের ডাগআউটে আর্তেতা

দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটিয়ে আর্সেনালকে প্রিমিয়ার লীগ জেতানো কোচ মিকেল আর্তেতা ২০৩০ সাল পর্যন্ত ক্লাবের দায়িত্বেই থাকছেন। উত্তর লন্ডনের ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই চুক্তির আওতায় স্প্যানিশ এই কোচের পাশাপাশি তার পুরো কোচিং স্টাফের মেয়াদও বাড়ানো হয়েছে।

২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব গ্রহণকারী আর্তেতা ক্লাবটিকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে গেছেন। গানারদের হয়ে এখন পর্যন্ত ৩৭১টি ম্যাচে ৬২.০৫ শতাংশ জয় নিয়ে তিনি ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল পূর্ণকালীন কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

চুক্তি স্বাক্ষর শেষে নিজের প্রতিক্রিয়ায় আর্তেতা বলেন, ‘আর্সেনালের মতো একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ গঠনে কাজ চালিয়ে যাওয়া এবং ক্লাবের জন্য নিবেদিতপ্রাণ মানুষদের সঙ্গে যুক্ত থাকা আমার জন্য এক দারুণ সৌভাগ্যের বিষয়। সমর্থকদের ভালোবাসা আমাদের শক্তি জোগায় এবং আমাদের এই যাত্রার সবেমাত্র শুরু হয়েছে।’

ক্লাবের মালিক স্টান ও জোশ ক্রোনকে এক যৌথ বার্তায় আর্তেতাকে আধুনিক আর্সেনালের মূল রূপকার হিসেবে অভিহিত করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, গত মৌসুমের ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতায় দেশীয় ও মহাদেশীয় ফুটবলে ক্লাবটি আরও বড় সাফল্য অর্জন করবে। এছাড়া ক্লাবের প্রধান নির্বাহী রিচার্ড গার্লিক মন্তব্য করেছেন যে, আর্তেতার হাত ধরে আর্সেনাল এখন একটি স্থায়ী ও বিজয়ী যুগের দিকে এগিয়ে যাচ্ছে।