রাজনীতি

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’ বা ‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা: বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের আত্মদানই শেখ হাসিনার পতনের পথ প্রশস্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আবরার ফাহাদের সপ্তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ সুপ্ত বা গুপ্ত বলতে পারে না। বিগত ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসগুলোতে রক্তাক্ত হয়েছে, মার খেয়েছে, কিন্তু তারা কখনো আত্মপ্রতারণার আশ্রয় নেয়নি।’

আবরার ফাহাদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রতিবাদ করায় আবরারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘আবরারের সেই শহীদী আত্মদানের চূড়ান্ত বিস্ফোরণ ঘটে চব্বিশের জুলাই ও ৫ আগস্টে। যার পরিণতিতে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে ভীত শৃগালের মতো পালিয়ে যেতে হয়েছে।’ দেশ ও জাতির স্বার্থে বিএনপি আপসহীন থাকবে বলেও তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আবরার ফাহাদকে হত্যার মাধ্যমে তৎকালীন সরকার সাধারণ মানুষকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু সেই ঘটনা উল্টো ফ্যাসিবাদী সরকারের পতনের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে। তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের মানবিক বোধ বজায় রেখে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আবরার ফাহাদের বাবা মো. রহমত উল্লাহ। সভায় বক্তারা আবরার ফাহাদসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।