সাইবার সুরক্ষা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ এবি পার্টির
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে সরকার সাধারণ মানুষকে হেনস্তা করার সুযোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘এবি পার্টি লইয়ার্স’ আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন: নিরাপত্তা বনাম হেনস্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা সাইবার সুরক্ষা আইনটি পর্যাপ্ত আলোচনার মাধ্যমেই প্রণীত হয়েছিল। বর্তমান সরকার কেন পুনরায় সেই আইনে হাত দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার এই আইনের মাধ্যমে গণমাধ্যম ও সাংবাদিকতার বিপক্ষে অবস্থান নিচ্ছে, যা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করার অধিকার জনগণের রয়েছে এবং এই আইন দিয়ে যেকোনো মিডিয়া হাউস বন্ধ করে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যেখানে জবাবদিহিতার কোনো সুযোগ নেই।
মতবিনিময় সভায় ব্যারিস্টার ফুয়াদ সরকারের কর্তৃত্ববাদী মানসিকতার সমালোচনা করে বলেন, এ ধরনের পদক্ষেপ সুশাসনের পরিবর্তে দুঃশাসনের পথ প্রশস্ত করবে। এ সময় তিনি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনা করেন এবং সালমান মুক্তাদিরকে হয়রানির অভিযোগ তুলে বলেন, কোনো আইনি ভিত্তি ছাড়াই তাঁকে হেনস্তা করা হচ্ছে।
রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপিতে ভালো মানুষ থাকলেও দলটির মধ্যে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে। সভায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানাসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।