রাজনীতি

নাটোরে গ্যাস সংযোগের দাবি ও সংসদে মন্ত্রীর সঙ্গে হাস্যরসের অবতারণা

(বাঁ থেকে) ইকবাল হাসান মাহমুদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও এ এম মাহবুব উদ্দিন খোকন
(বাঁ থেকে) ইকবাল হাসান মাহমুদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও এ এম মাহবুব উদ্দিন খোকন
ছবি সংগৃহীত

জাতীয় সংসদ প্রতিবেদক: জাতীয় সংসদে নাটোর জেলায় গ্যাস সংযোগের দাবি নিয়ে আলোচনার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদারের মধ্যে ‘দুলাভাই-শালা’ সম্বোধন ঘিরে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় এই পরিস্থিতির অবতারণা হয়।

নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার নাটোরে গ্যাস সংযোগের দাবি জানিয়ে বলেন, নাটোর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর হওয়া সত্ত্বেও গ্যাস না থাকায় সুগার মিল, মিল্ক ভিটা, মেঘনা গ্রুপ, আরএফএল ও পারটেক্সসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ও কর্মসংস্থান ব্যাহত হচ্ছে। নাটোর হয়ে রাজশাহীতে গ্যাস লাইন গেলেও স্থানীয়রা বঞ্চিত বলে তিনি উল্লেখ করেন।

দুলাভাই-শালার হাস্যরসের সাক্ষী হলো সংসদ
ফাইল ছবি

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ নিজেকে ‘নাটোরের জামাই’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘নাটোর আমার শ্বশুরবাড়ি, এখানে তো গ্যাস দিতেই হবে।’ এ সময় রুহুল কুদ্দুস তালুকদার মন্ত্রীকে ‘দুলাভাই’ বলে সম্বোধন করলে সংসদকক্ষে হাসির রোল পড়ে যায়। মন্ত্রী আরও বলেন, ‘এটা তো শ্বশুরবাড়ির আবদার হয়ে গেল।’

এই আলোচনার প্রেক্ষিতে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন মজা করে মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মন্ত্রী বলেছেন নাটোরে শ্বশুরবাড়ি বলে অগ্রাধিকার দেবেন। তাহলে উনি নোয়াখালীতেও একটা বিয়ে করেন, আমরাও গ্যাস চাই।’ জবাবে মন্ত্রী হাস্যরসের সুরে বলেন, শরিয়াহ আইন অনুযায়ী আরও বিয়ের সুযোগ থাকলেও তার আর নতুন করে বিয়ে করার শখ নেই।

গ্যাস পরিস্থিতির বিষয়ে মন্ত্রী জানান, ২০০৫ সালে বেগম খালেদা জিয়ার আমলে নাটোরে গ্যাস দেওয়ার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছিল, পরবর্তী সরকার ২০১২ সালে তা বন্ধ করে দেয়। তিনি অভিযোগ করেন, গত ১৭-১৮ বছরে দেশে কোনো কূপ খনন করা হয়নি। বর্তমান সরকার দেশীয় ও বিদেশি কোম্পানিকে গ্যাস অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বাপেক্সের রিগ বাড়িয়ে নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে। গ্যাস পাওয়া সাপেক্ষে নাটোরে বন্ধ হয়ে যাওয়া ৮১ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সম্পূরক প্রশ্নে রুহুল কুদ্দুস তালুকদার নাটোরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে পুনরায় গ্যাস পাওয়ার সময়সীমা জানতে চাইলে মন্ত্রী বলেন, কূপ খনন শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে নাটোরে গ্যাস সংযোগ দেওয়া হবে।