কাউন্টি ক্রিকেটে নতুন বাংলাদেশি মুখ সৈয়দ খালেদ
ইংল্যান্ডের প্রথম শ্রেণির কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি পেসার সৈয়দ খালেদ আহমেদ। কেন্ট ক্লাবের হয়ে খেলার জন্য তাকে দলে নেওয়া হয়েছে। মূলত বাঁহাতি পেসার শরীফুল ইসলামের পরিবর্তে ডানহাতি এই পেসারকে বেছে নিয়েছে দলটি। এর আগে কেন্ট কর্তৃপক্ষ চলতি মৌসুমের চারটি ম্যাচের জন্য শরীফুলকে চেয়েছিল, তবে খেলোয়াড়ের ওয়ার্কলোড বা কাজের চাপ বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছাড়পত্র না দেওয়ায় খালেদকে দলে ভেড়ায় কেন্ট। এর আগে কেন্টের হয়েই হাসান মাহমুদ দুই ম্যাচে ১২ উইকেট নিয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন।
কাউন্টি ক্রিকেটে বাংলাদেশিদের অতীত ইতিহাস
সৈয়দ খালেদের আগে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওস্টারশায়ার ক্লাবের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি খেলেছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে ২০১১ সালেও তিনি একই ক্লাবের হয়ে খেলেন এবং ২০২৪ সালে সারে কাউন্টি ক্লাবের হয়ে একটি প্রথম-শ্রেণির ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দেন।
সাকিবের পর ২০১১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে চুক্তিবদ্ধ হন ওপেনার তামিম ইকবাল, যিনি ফ্রেন্ডস লাইফ টি-২০ ব্ল্যাস্টে ৫টি ম্যাচ খেলে ১০৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়া ২০১৬ সালে সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অংশ নেন মোস্তাফিজুর রহমান। অভিষেক ম্যাচেই এসেক্সের বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়ে তিনি নজর কাড়লেও ইনজুরির কারণে পুরো আসর শেষ করতে পারেননি। এছাড়া মোহাম্মদ আশরাফুল, এনামুল হক জুনিয়র, ইমরুল কায়েস এবং শামসুর রহমানের মতো ক্রিকেটাররা ইংল্যান্ডের বিভিন্ন ‘মাইনর কাউন্টি’ বা লোয়ার টায়ার ক্রিকেট লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।