জাতীয়

গণমাধ্যমকে নিয়ন্ত্রণের কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা নেই সরকারের: তথ্যমন্ত্রী
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। ছবি: বাসস।

সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বর্তমান সরকার বা প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার বা মিডিয়ার স্বাধীনতা খর্ব করার কোনো মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা একটি মানসিকতার বিষয়, যেখানে গত ১৭ বছরের শাসনামলে সমালোচনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল। বর্তমান সরকার সেই ভঙ্গুর ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং বস্তুনিষ্ঠ সমালোচনাকে স্বাগত জানায়।

ব্রিফিংয়ে শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, জুলাই আন্দোলনসহ বিগত সময়ের সব অপরাধের বিচারের স্বার্থে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের সবাইকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। মন্ত্রী মন্তব্য করেন, রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়া হলে তা অভিযুক্তের জন্য সুখবর নাও হতে পারে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী ‘বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম’ বা ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যারা বুদ্ধিবৃত্তিক চর্চার আড়ালে ফ্যাসিজমকে সমর্থন বা প্রচার করে, তাদের সামাজিকভাবে বয়কট ও ধিক্কার জানানোই বড় বিচার। এছাড়া, সংবাদপত্রের ভুয়া প্রচারসংখ্যা বা সার্কুলেশন জালিয়াতি বন্ধে মন্ত্রণালয় জোরালো পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান।

সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই। নিরাপত্তাজনিত কারণে কোনো অনুষ্ঠান বাতিল হলে সেটিকে সরকারের অসহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, বিটিভি ও সরকারি গণমাধ্যমে এখন থেকে আনুপাতিক হারে বিরোধী দলের খবর প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট ফান্ডের অনুদান দ্বিগুণ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের জন্য ইতোমধ্যে এক কোটি টাকা হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে তথ্যমন্ত্রী সরকারের ছয় মাসের বিশেষ অর্জন নিয়ে তথ্য অধিদপ্তর প্রকাশিত ‘আই হ্যাভ এ প্ল্যান: গণতান্ত্রিক অভিযাত্রার ৬ মাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।