টেলিভিশন

বিয়ে নিয়ে ছড়ানো ‘ভিত্তিহীন’ খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী প্রভা

সাদিয়া জাহান প্রভা
সাদিয়া জাহান প্রভা
অভিনেত্রীর সৌজন্যে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এমন অপপ্রচারে তিনি মানসিকভাবে বেশ অস্বস্তিতে পড়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার রাতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রভা বলেন, ‘আমি বিয়ে করিনি। চুক্তিভিত্তিক বিয়ের যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কখনো এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি।’ তিনি আরও জানান, বিয়ের খবরটি ছড়ানোর আগে কোনো পক্ষই তাঁর সঙ্গে যোগাযোগ করেনি, বরং যাচাই-বাছাই ছাড়াই মনগড়া তথ্য প্রচার করা হয়েছে।

‘এই গরম, তোমার নতুন টাকার গরমের কাছে কিছুই না’ লিখেছেন প্রভা

সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রভা বলেন, ‘লেখার শক্তির সঙ্গে দায়িত্ববোধও জড়িত। কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করা উচিত। আমার সঙ্গে কথা বললেই সত্যটা বেরিয়ে আসত।’

ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দেবেন না। আমার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনের যেকোনো সত্য তথ্য আমি আমার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমেই জানিয়ে থাকি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।’

সাদিয়া জাহান প্রভা
সাদিয়া জাহান প্রভা
অভিনেত্রীর সৌজন্যে

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা সাদিয়া জাহান প্রভা টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। বর্তমানে তিনি একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, যার কিছু অংশের শুটিং এখনো বাকি আছে। শিগগিরই তিনি আবারও শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন।