রাজনীতি

জোট থেকে এনসিপির বেরিয়ে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে
ছবি: প্রথম আলো

জোটের অখণ্ডতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শফিকুর রহমানের মন্তব্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেরিয়ে যেতে পারে বলে যে আলোচনা চলছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যার বাড়িতে বিয়ে তার কোনো ঠেকা নেই, আর পাড়াপড়শির ঘুম নেই—বিষয়টি অনেকটা সেরকম।” তিনি স্পষ্ট করেন যে, এটি এনসিপি বা জামায়াত—কারও এজেন্ডাতেই নেই।

শফিকুর রহমান জানান, তাদের এই ঐক্য কোনো আনুষ্ঠানিক জোট নয়, বরং একটি নির্বাচনী ঐক্য। জনগণের স্বার্থে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জোট রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতেও বিভিন্ন সময় জোটের আকার পরিবর্তিত হয়েছে, তবে গণতন্ত্রে প্রতিটি দলের নিজস্ব প্ল্যাটফর্ম বেছে নেওয়ার অধিকার রয়েছে। তিনি দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ছায়া মন্ত্রিসভা ও বিরোধী দলের অধিকার

ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে জামায়াত আমির জানান, এ নিয়ে তারা কাজ শুরু করেছেন। এতে শরিক দলের পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করা হবে। এ সময় তিনি অভিযোগ করেন যে, সংসদ ও সংসদের বাইরে বিরোধী দল তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি দলের সংসদ সদস্যদের তুলনায় বিরোধী দলের আসনের বরাদ্দ অত্যন্ত নগণ্য বলে তিনি মন্তব্য করেন। এছাড়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের আসনে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সাংবিধানিক ভিত্তি নেই বলেও তিনি সমালোচনা করেন।

গণভোটের রায় ও বর্তমান সংকট

গণভোটের রায় বাস্তবায়ন না করার জন্য বর্তমান সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ কার্যকর পরিবর্তনের আশায় ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন, কিন্তু সরকার এখন তা ভুলে গেছে। এই রায় বাস্তবায়নের দাবিতেই ১১-দলীয় ঐক্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো অর্জিত হয়নি। তিনি দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসংকট এবং সারের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানান। নাহিদ ইসলাম আরও বলেন, সরকার ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, তাই গণতান্ত্রিক, বাংলাদেশপন্থী ও ইসলামের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ও সংসদে লড়াই চালিয়ে যেতে হবে।