গুলশানে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা একটি প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। উক্ত মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।