বিশ্বজমিন

ইমরান খানের চিকিৎসা ও আদালতের নির্দেশ নিয়ে পাকিস্তানের সিনেটে সরকার ও পিটিআইয়ের বাগযুদ্ধ

ইমরান খানের চিকিৎসা নিয়ে উত্তপ্ত পাকিস্তানের সিনেট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের চিকিৎসা সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন না করার অভিযোগে দেশটির সিনেটে সরকার ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সদস্যদের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়েছে। মঙ্গলবার সিনেটের অধিবেশনে পিটিআই সিনেটর আলী জাফর বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে একটি প্রস্তাব উত্থাপনের জন্য মোশন দেন।

সিনেটে দেওয়া বক্তব্যে আলী জাফর অভিযোগ করেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নিয়ে নিরাপত্তা অজুহাতে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ স্থানান্তর করেছে। তিনি দাবি করেন, সরকার বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃত্বের প্রতি বিশ্বাস রাখে না এবং ইমরান খানের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। তিনি আরও অভিযোগ করেন যে, সরকার মেডিকেল বোর্ড গঠন করেনি এবং আদালতের নির্দেশ কার্যত নিজেরাই পরিবর্তন করেছে।

এই অভিযোগের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, সিনেটরদের নিজেদের আদালত হিসেবে প্রতিষ্ঠা করা উচিত নয়। তিনি স্পষ্ট করেন যে, আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হয়েছে কি না, তা নির্ধারণ করার এখতিয়ার কেবল আদালতেরই। রানা সানাউল্লাহ দাবি করেন, সরকার আদালতের সিদ্ধান্ত মেনেই ব্যবস্থা নিয়েছে এবং ইমরান খানের চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা করা হয়নি। তিনি জানান, নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রমাণ সরকার আদালতের সামনে উপস্থাপন করবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট ইমরান খানকে চিকিৎসা পরীক্ষার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে এই নির্দেশ লঙ্ঘনের অভিযোগে পিটিআই আদালত অবমাননার আবেদন করে। বর্তমানে চিকিৎসা পরীক্ষা শেষে ইমরান খানকে পুনরায় আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।