ভিডিও

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ও উপদেষ্টা

আন্দালিভ রহমান পার্থ ও জাহেদ উর রহমান
আন্দালিভ রহমান পার্থ ও জাহেদ উর রহমান
ফাইল ছবি

সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান স্পষ্ট করলেন তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে কোনো ধরনের বাধা-বিঘ্ন সৃষ্টি হোক—এমন মানসিকতা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় সাংস্কৃতিক পরিবেশের নাটকীয় উন্নতি হয়েছে।

সংবাদ সম্মেলনে কনসার্ট বন্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘সাংস্কৃতিক কোনো বিষয়ে বাধা সৃষ্টি হোক, এমন চিন্তা আমরা করি না। কনসার্ট বাতিল হওয়া মানেই সরকার সহযোগিতা করছে না—বিষয়টি এমন নয়। অনেক ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু থাকতে পারে। বর্তমানে দেশে বড় বড় অনেক কনসার্ট নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।’

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে নাটকীয় (ড্রামাটিক্যালি) উন্নতি হয়েছে। তিনি স্বীকার করেন যে, বিচ্ছিন্নভাবে দু-একটি ঘটনা যে ঘটছে না, তা নয়। তবে সামগ্রিক বিবেচনায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব ফারজানা মাহবুব এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।