খেলা

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ এইচপি দল

অ্যাডিলেড স্টাইকার্স একাডেমির কাছে ২১ রানে হারল বাংলাদেশ

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিন জয়ের পর প্রথমবারের মতো হারের মুখ দেখল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অ্যাডিলেড স্টাইকার্স একাডেমির দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানে থামে ইফরান শুক্কুরের দলের ইনিংস।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অ্যাডিলেড স্টাইকার্স নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে টমাস কেলি ৩৮ এবং হেরি হান্ট ৩৫ রান করেন। বাংলাদেশের পক্ষে স্পিনার মোহাম্মদ রুবেল দুটি উইকেট শিকার করেন। এছাড়া আবদুল গাফফার সাকলাইন একটি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। এরপর হাবিবুর রহমান সোহান ২৩ রান করে দলের হাল ধরার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এইচপি। আরিফুল ইসলাম একপ্রান্ত আগলে রেখে ব্যক্তিগত ৬৬ রানের একটি ইনিংস খেললেও শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিশেষ করে শেষ ১৮ বলে ৪০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তিন রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, এর আগে টুর্নামেন্টে নেপাল, হোবার্ট হেরিকেনস একাডেমি এবং ভিক্টোরিয়া একাডেমির বিপক্ষে টানা তিন জয় পেয়েছিল বাংলাদেশ এইচপি দল। এটি ছিল টুর্নামেন্টে তাদের চতুর্থ ম্যাচ এবং প্রথম পরাজয়।