ভিডিও

রোহিঙ্গা ঢলের ৯ বছর: উখিয়ায় লাখো রোহিঙ্গার সমাবেশ, রাখাইনে ফেরার আকুতি

রোহিঙ্গা ঢলের ৯ বছর: উখিয়ায় লাখো রোহিঙ্গার সমাবেশ, রাখাইনে ফেরার আকুতি
উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে আজ সকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে উখিয়ায় লাখো রোহিঙ্গার সমাবেশ

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনীর গণহত্যা ও জাতিগত নিপীড়নের নয় বছর পূর্তিতে কক্সবাজারের উখিয়ায় বিশাল সমাবেশ করেছেন রোহিঙ্গারা। মঙ্গলবার সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে ‘নাইন ইয়ারস গন, টেন মিনিটস ফর রোহিঙ্গা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবির থেকে লাখো রোহিঙ্গা নারী-পুরুষ অংশ নেন। সমাবেশে বক্তারা মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের দাবি জানান।

প্রত্যাবাসনের দাবি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান

রোহিঙ্গা শরণার্থীদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, নয় বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর বেদনা ও নিজ দেশে ফিরতে না পারার হতাশা তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। ইউসিআর নেতা মোহাম্মদ রফিক বলেন, ‘আমরা আমাদের দেশে ফিরতে চাই। আরকান আমাদের, আমরা আরকানের—এই সত্যটি মানবিক বিশ্বকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’

ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মোহাম্মদ সৈয়দ উল্লাহ বাংলাদেশের মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘শুধু সীমান্ত পার করে মিয়ানমারে ফেরত পাঠানো নয়, প্রত্যাবাসনের পর নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও জীবিকার নিশ্চয়তা থাকতে হবে।’ এছাড়া মাস্টার শোয়েব আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন পরিবেশ তৈরির আহ্বান জানান, যাতে রোহিঙ্গারা ভয় ও অনিশ্চয়তা ছাড়াই নিজ ভিটেমাটিতে ফিরতে পারে।

স্মরণ ও উচ্চপর্যায়ের আলোচনা

২৫ আগস্ট দিনটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করে রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্পে শান্তিপূর্ণ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের অনুমতি সাপেক্ষে এসব কর্মসূচি পালিত হয়। এর আগে, সোমবার বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের যৌথ উদ্যোগে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে ওই বৈঠকে রোহিঙ্গাদের সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ সমাধানের জন্য আন্তর্জাতিক সংহতি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।