খেলা

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু

রাজধানীতে শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এবং ‘কিউট’ ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬’। হোম অব বিএসপিএ’তে ক্যারাম ইভেন্টের মধ্য দিয়ে এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং কিউটের নির্বাহী পরিচালক মিসেস আসমা আশরাফী সাকলাইন।

এবারের আসরে বিএসপিএ’র শতাধিক সদস্য মোট ৮টি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে— আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ স্বাগত বক্তব্যে ক্রীড়া কার্নিভালের রোমাঞ্চ উপভোগ করার আহ্বান জানান এবং সরকার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে জাহেদ পারভেজ চৌধুরী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং মিসেস আসমা আশরাফী খেলাধুলার উন্নয়নে কিউটের ধারাবাহিক সম্পৃক্ততার আশাবাদ ব্যক্ত করেন।

বিএসপিএ’র যুগ্ম-সম্পাদক ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক ও মো. সামন হোসেন, আজীবন সদস্য সেলিম নজরুল হক, অর্থ সম্পাদক শাহজাহান কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল এবং ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলমসহ সংগঠনের অনেক সদস্য উপস্থিত ছিলেন।